সাপাহারে ভুয়া সিআইডি অফিসারের কারাদণ্ড

নওগাঁর সাপাহারে  ভুয়া সিআইডি অফিসার পরিচয়দানকারী  এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
 
শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঞাঁ। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাস মারি গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার দিঘীরহাট বাজার এলাকায় আবু বক্কর সিদ্দিক নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। এ সময় আবু বক্কর সিদ্দিকের কথাবার্তায় ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে আটক করে তারা থানায় খবর দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঞাঁর আদালতে হাজির করা হয়। এ সময় আবু বক্কর সিদ্দিক নিজের অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।