দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাকে শুক্রবার আনুষ্ঠানিভাবে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর শিশু বিবাহ বন্ধ প্রকল্পের আওতায় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর ইউনিট ম্যানেজার মো. মোবারক হোসেন ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংস্থার নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায় প্রমূখ।
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী শিক্ষায় উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স ডিগ্রী পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছে। নারীর ক্ষমতায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরচুন জার্নালের রিপোর্ট মতে সারাবিশ্বে দশম স্থান অধিকার করে নারীর ক্ষমতায়নে রোল মডেলে পরিণত হয়েছে।
পরে পররাষ্ট্র মন্ত্রী সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে ৯ জন দুস্থ্যকে ৪ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসার সহায়তা অনুদান, মৎস্য অধিদফতরের নিবন্ধনধারি মৎস্য সমিতির ৯৩৬ জন সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণসহ ৩৯টি সেচ পাম্প ও ১১টি দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।