সময়ের সাথে সামনের দিকে এগিয়ে চলেছে বিশ্ব। পরিবর্তনের এই ধারা ত্বরান্বিত করছে প্রযুক্তিগত উৎকর্ষ। এই পথচলায় অংশ নিতে 'ভিশন ২০২১' এর আওতায় 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলার প্রত্যয়ে দেশব্যাপী শুরু হল 'মাইক্রোসফট সার্ভিস ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট' কর্মসূচি। গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন' এর তত্ত্বাবধানে গড়ে ওঠা তারুণ্যের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম 'ইয়ং বাংলা' প্রথমবারের মতো এই সুযোগ নিয়ে এসেছে তরুণ প্রজন্মের জন্য।
'মাইক্রোসফট বাংলাদেশ' এর এক্সপার্টদের অধীনে এবং 'ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশন' এর সহযোগিতায় শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য সারা দেশের প্রতিটি অঞ্চলে কম্পিউটার এবং ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ একটি জনবল গড়ে তোলা, যারা মাঠ পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে একটি সত্যিকারের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তুলবেন।
IMG0
কর্মসূচির অংশ হিসেবে ২৪ মার্চ, বৃহস্পতিবার ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত একটি কর্মশালার। ফেনীর প্রত্যেকটি থানা থেকে নির্বাচিত ৫০ জন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী এতে অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশে 'মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার' আক্তার হোসাইন অভি এবং কোঅর্ডিনেট করেন 'ইয়ং বাংলা' ফেনী জেলার সমন্বয়ক নাদিম মির্জা। কর্মশালায় বেসিক কম্পিউটিং থেকে শুরু করে কিভাবে বুদ্ধিদীপ্ত উপায়ে কম্পিউটারের প্রচলিত কিংবা অপ্রচলিত সমস্যাগুলো যেকেউ যেকোনো সময় কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণার্থীরা জানান, এই বিষয়ে নিজেদের আরো উন্নতি সাধন করতে এ রকম আরো কর্মশালা আশা করছেন তারা। কর্মশালা শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাইক্রোসফট এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।