নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে ভয়াবহ হামলা হয়। সেই হামলায় রক্তাক্ত হয়ে উঠে মসজিদ। আর এই হামলার দায় মুসলিম অভিবাসীদের উপর চাপিয়ে বিতর্ক উসকে দেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং। এর প্রতিবাদ জানিয়ে সিনেটরের মাথায় ডিম ভেঙে দেন এক তরুণ।
শনিবার মেলবোর্নের মোরাবিনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সিনেটরের ডিম ভাঙার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সিনেটর অ্যানিং সংবাদ সম্মেলনের রুমে উপস্থিত হয়েছেন। এসময় হঠাৎ পেছন থেকে এক তরুণ তার মাথায় ডিম ভেঙে দেন। আর সেই ঘটনা মোবাইলে ভিডিও করতে থাকেন ওই তরুণ।
এসময় হতবাক অ্যানিং পেছনে ঘুরেই তরুণের মুখে চড় মারতে শুরু করেন। এতে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হলে লোকজন ওই তারুণকে মাটিতে চেপে ধরেন। আর অন্য একজন অ্যানিংকে সরিয়ে নেন।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি তানজিন তানহা
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এতে ৪৯ জন নিহত এবং আরও ৪৮ জন গুলিবিদ্ধ হন। ওই দিন বিকালে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সিনেটর অ্যানিং বলেন, আজ নিউজিল্যান্ডের সড়ক রক্তে রঞ্জিত হওয়ার আসল কারণ তাদের অভিবাসন নীতি।
তিনি আরো বলেন, ‘এই নীতি মুসলমান ধর্মান্ধদের আশ্রয় প্রার্থনা করতে প্রথম পছন্দের দেশ হিসেবে নিউজিল্যান্ডকে বেছে নেওয়ার অনুমতি দেয়। ওই হামলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুসলমান অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে বাড়তে থাকা আতঙ্কের কথা বলছে।’
সিনেটর অ্যানিংয়ের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, অভিবাসী ও ইসলাম ধর্ম নিয়ে অ্যানিং যে মন্তব্য করেছেন তা আতঙ্কজনক এবং কুৎসিত।
দ্যা টেলিগ্রাফের খবরে বলা হয়, হামলাকারী নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে পরিচয় দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ২৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ।
এক্সপ্রেস নামে নিউজিল্যান্ডের একটি গণমাধ্যমে বলা হয়, ওই হামলাকারী অস্ট্রেলিয়া থেকে এসেছেন। দুই বছর ধরে তিনি এ হামলার পরিকল্পনা করছেন। হামলাকারী জানিয়েছেন, ইউরোপের দেশগুলোতে বিদেশি হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে এ হামলার পরিকল্পনা করেন তিনি।
হামলার আগে ৭৩ পাতার টুইটারে একটি ইশতেহার আপলোড করেন ওই হামলাকারী। সেখানে তিনি এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেন। এ ছাড়া অভিবাসনের বিরুদ্ধে অবস্থানের কথা জানান। তাই নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে উল্লেখ করেন।
ইত্তেফাক/জেডএইচ