শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উপলক্ষে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা আর সৌন্দর্যবর্ধনসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ মার্চ সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ।
 
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান ও ফুলের টবগুলো রং তুলির আচড়ে রাঙ্গানো হয়েছে নানান সাজে। এখানকার স্থাপনার ধোয়া-মোছাসহ সব ধরনের কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
নিরাপত্তার স্বার্থে ২৩ মার্চ থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বন্ধ রাখা হয়েছে জনসাধারণের প্রবেশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গেলো দুই সপ্তাহ ধরে ৭০-৮০ জন পরিচ্ছন্নতাকর্মী জাতীয় স্মৃতিসৌধের স্থাপনাসমূহ সহ এখানকার বিভিন্ন স্থান পালাক্রমে ধোয়া-মোছা আর সৌন্দর্য বর্ধনের কাজ করে।
 
তারা আরও জানান, স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়াতে এবারও সাজসজ্জার কাজ করা হয়েছে। নাম না জানা শহীদদের কবরস্থান, স্মৃতিসৌধের মূল বেদীসহ প্রতিটি রাস্তায় করা হয়েছে কয়েক দফা রংতুলির কাজ। সুইমিং পুলটি নতুন করে পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা হয়েছে। এছাড়া শোভা বর্ধনের জন্য পুরো স্মৃতিসৌধকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।খবর- বাসস।