গুগলে দেশদ্রোহী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়!

বিশ্বের প্রথমসারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ)। আর সেই বিশ্ববিদ্যালয়ই দেশদ্রোহীদের আখড়া গুগল ম্যাপে! গুগল ম্যাপে ‘সেডিশন' বা  ‘দেশদ্রোহী'  টাইপ করে লোকেশন সার্চ করলেই দেখাচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিকে!
 
শুধু তাই নয়, দেশদ্রোহী বা দেশবিরোধী শব্দগুলি গুগল সার্চ ইঞ্জিনে লিখলেই ফুটে উঠেছে জেএনইউয়ের নাম!
 
এ ব্যাপারে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট শেহলা রশিদ শোরা জানান, ঘটনাটি আমাদের চোখে পড়ার পর আমরা গুগলের সঙ্গে ‌যোগা‌যোগ করি। সম্ভবত কোনও প্র‌যুক্তিগত ত্রুটির কারণেই এইসব হচ্ছে। তবে দেখতে হবে ঠিক কোন কারণে এটা হচ্ছে।
 
এই প্রথম নয়। গুগল ম্যাপের এরকম একটা সমস্যা হয়েছিল গত বছরও। গত মে মাসে গুগলে নিগার হাউস লিখে সার্চ করলেই দেখাচ্ছিল হোয়াইট হাউসকে। ওই খবর ছড়িয়ে পড়ার পর প্রবল চাপে পড়ে ‌যায় গুগল। সঙ্গে সঙ্গে সার্চ ইঞ্জিনটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। সমস্যা সারিয়েও ফেলা হয় দ্রুত।
 
ওই মাসেই সেরা ১০ ক্রিমিন্যাল লিখে সার্চ করলেই দেখাতে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। চাপে পড়ে গুগল প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চায়। বাধ্য হয়েই লিখে দেওয়া হয়, সার্চে ‌যে ফলাফল দেখাছেন তা গুগল বিশ্বাস করে না বা গুগলের নিজের কোনও অভিমত নয়। অ্যালিগরিদমের সাহা‌য্য নিয়ে ওই ফলাফল দেখানো হচ্ছে।