নানা আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। শনিবার সূর্যোদয়ের ক্ষণ ভোর ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি শ্রদ্ধা জানান অমর শহীদদের প্রতি।
এরপর শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা থানা পুলিশ, পৌরসভা, প্রেসক্লাব।
বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধার সন্তানরা, নজরুল একাডেমিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বসাধারণ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে নয়টায় বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ বিভিন্ন শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে।
জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।