পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাতদিন আগে সম্মেলন করেও বিএনপি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। রাজনৈতিক দল হিসেবে এটি তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা কমিটি গঠনের জন্য লন্ডনের দিকে তাকিয়ে রয়েছে।’
শনিবার সকালে ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে আওয়ামী লীগ নেতারা জড়িত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা যখন যা খুশি তাই বলে যাচ্ছেন। আসলে তাদের কথা অরণ্যে রোধনের মতো। বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। বংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যাপরে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এমনকি সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে।’
এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের টুঙ্গিপাড়া পৌঁছে আব্দুর রহমান এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান চৌধূরী, সওজের গোপালগঞ্জ জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কবির উদ্দিন আহম্মেদ, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরান রায়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমীন, এসএম আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা আসলাম সরদার, পুলিশ, সড়ক বিভাগ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।