চট্টগ্রামের চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু রায়হান প্রকাশ আরজু (২৫) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছে।
শুক্রবার দুপুরের দিকে এই আসামির মৃত্যু হলেও শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। আকস্মিকভাবে এই আসামির মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে কী কারণে মৃত্যুদ-প্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু হয়েছে এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম জানান, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু রায়হান প্রকাশ আরজু কারাগারে মারা গেছে। এ ব্যাপারে কারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ মার্চ সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে যমুনা ভবনের চতুর্থ তলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মো. রেজাউল করিমের স্ত্রী রেজিয়া বেগম (৫০) এবং তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাতকে (১৬) কুপিয়ে হত্যা করে রায়হান ও তার সহযোগী শহীদ। ঘটনার দুদিন পরেই পুলিশ দুই খুনিকে ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত বছরের ১ অক্টোবর এ ঘটনায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর পর থেকেই দুই খুনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। এর মধ্যে শুক্রবার রায়হান কারাগারে মারা যায়।