ভাললাগা ও ভালবাসা থেকেই শিল্প : হাসান আজিজুল হক

কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, শিল্প এমন একটা বিষয় যেটা মানুষের অনুভূতি, ভাললাগা ও ভালবাসা থেকেই করতে হয়। এই শিল্প জোর করে শেখানো যায় না।
 
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদে ছয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
উদ্বোধকের বক্তব্যে কথাসাহিত্যিক আরো বলেন, ‘আমাদের দুর্ভাগ্য বাংলাদেশ সৃষ্টির সাড়ে তিন বছরের মধ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ভাবতেই অবাক লাগে হত্যাকারীরা ছিল বাঙালি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যার সময়কালে আমরা অন্যায়কারীদের শাস্তি দিতে পারিনি। যুদ্ধাপরাধীদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তি হয়েছে। সারা পৃথিবীজুড়ে জুজুর ভয় চলছে। কিন্তু বাকি যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা দেখাতে চাই আমরাও পারি।
 
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। চারুকলা অনুষদের সমন্বয়ক অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক আমিরুল ইসলাম রানা।
 
এই প্রদর্শনীতে চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থীর ৪০০ শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।