সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলিয়াপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহত দাখিল পরীক্ষার্থী সুজন জাকারিয়া (১৫) শনিবার রাতে ঢাকা মেজিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত নিহতের বাবা আকতার হোসেন ও নুরনবী বগুড়া শহীদ জিয়া মেজিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় লোকজন ও উল্লাপাড়া থানা পুলিশ জানায়, ওই গ্রামে তিন বিঘা খাস জমি নিয়ে গ্রামের খলিলুর রহমান ও আকতার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এরই জের ধরে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মোট আটজন আহত হন। আহতদের মধ্যে গ্রামের বাসিন্দা ও আলিয়াপুর দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী সুজন জাকারিয়া, তার বাবা আকতার হোসেন ও প্রতিবেশি নুরনবী গুরুতর আহত হন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এ ঘটনায় আকতার হোসেনের পক্ষ থেকে আব্দুর রশিদ প্রামানিক প্রতিপক্ষের ১৫ জনকে আসামি করে একটি খুনের মামলা করেছেন। সুজন মারা যাবার পর গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।