কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পুরাতন যাত্রী ছাউনির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।  রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
 
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার পুরাতন যাত্রী ছাউনির সামনে ডাকাতির প্রস্তুতিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার উলুইন গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক ডাকাত (৪০), চান্দিনার খৈইচড়া গ্রামের কাশেম ওরফে কাশেম ডাকাত (৩৮), দেবিদ্বারের চুলহাস গ্রামের সাহেব আলী ওরফে সাহেব আলী ডাকাত (৩২), বুড়িচংয়ের বুরবুড়িয়া গ্রামের আব্দুল হালিম (৩২), চৌদ্দগ্রামের মান্দারী গ্রামের মিজানুর রহমান ওরফে কসাই মিজানকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকাপভ্যান জব্দকরা হয়।
 
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলম জানান, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তারা বিভিন্ন থানার একাধিক মামলার আসামি।