রাবিতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
 
রবিবার বেলা ১২টার দিকে লোক প্রশাসন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ঘাতকদের ফাঁসির দাবিতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
 
মানববন্ধনে অন্যদের মাঝে বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. আওয়াল হোসেন মোল্লা, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহা নেওয়াজ ও সহকারী অধ্যাপক ড. শুভ্রা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, ‘সমাজের অন্যায়গুলো সংশোধন না করে ধামাচাপা দেয়ার প্রবণতা দেখা যায়। নারীদের বাদ দিয়ে সমাজে কোনো ধরনের উন্নয়ন করা সম্ভব নয়, কিন্তু তারাই বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। তনু শুধু একজন নয়, হাজারো তনু সমাজে প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হচ্ছেন।
 
এ সময় বক্তারা তনুর হত্যারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।