তনু হত্যা: কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সংস্কৃতি কর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাসের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। 
 
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নন্দনপুর অংশে তারা এ বিক্ষোভ করেন।
 
২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মৃতদেহ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর আবাসিক এলাকার কালর্ভাটের পাশে পাওয়া যায়। ধারণা করা হয়, ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়েছে। তনুর লাশ পাওয়ার পর প্রথম থেকে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনে বিভিন্ন মহল থেকে চাপ আসছে বলে জানান আন্দোলনকারীরা।IMG0
 
রবিবার তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নন্দনপুর অংশ অবরোধ করে টায়ারে অগ্নি সংযোগ করে দফায় দফায় মিছিল ও মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভে আরো যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ। 
 
দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়ক অবরোধের ফলে ঢাকা ও চট্টগ্রামের দিকে প্রায় ৬০ কিলোমিটার করে যানযটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা। দুপুর ২টার দিকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আদিব হোসেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকতারা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ সুপার ও জেলা প্রশাসক আগামী সাত দিনের মধ্যে তদন্ত ফলপ্রসু হবে বলে আশ্বাস দেন শিক্ষার্থীদের। পরে পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
 
উল্লেখ্য, ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর আবাসিক এলাকার কালর্ভাটের পাশে ঝোপের মধ্যে সাংস্কৃতি কর্মী ও কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে কুমিল্লা ও ঢাকাসহ সারা দেশে তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তবে এ পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।