তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বিশ্বের ইতিহাসে অর্থনৈতিকভাবে দ্রুততম প্রবৃদ্ধির দেশ হলো বাংলাদেশ। চীন এবং ভারতের পরই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হলো বাংলাদেশ।
রবিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ২০১৪ ও ২০১৫ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধে তার অবদান সর্ম্পকে জানাতে হবে। নিজ পরিবার-সংসার সবকিছু ভুলে গিয়ে সাড়ে ৭ কোটি মানুষের স্বাধীনতা অর্জনের জন্য জীবন-যৌবন উৎসর্গ করে যেই বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছর আন্দোলন করে তিলে তিলে পরাধীন, শোষিত, নির্যাতিত জাতিকে মুক্তির স্বাদ উপহার দিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুকে দীর্ঘ ২১ বছর নতুন প্রজন্মের কাছে থেকে দূরে রাখা হয়েছিল।
IMG0
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত।
উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কৃবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে ২০১৪ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২০১৫ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে 'মুজিব' নামে গ্রাফিক নভেল সিরিজ ১-২ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি বিভিন্ন অফিসের কর্তকর্তা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।