ভারতের উত্তরাখন্ডের রাজ্য সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যটির বিধানসভায় আস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার একদিন আগে রাষ্ট্রপতি শাসন জারি করল দিল্লি।
শনিবার নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে উত্তরাখন্ডে সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রবিবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
নয় জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বেরিয়ে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত সরকারের বিরুদ্ধে অনাস্থা আসে। তার সরকারকে ২৮ মার্চের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়।
মুখ্যমন্ত্রী রাওয়াত বার বারই দাবি করছিলেন, তিনি আস্থা ভোটেই প্রমাণ করে দেবেন যে তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার আস্থা ভোট পর্যন্ত অপেক্ষা না করে এর আগেই হরিশ রাওয়াত সরকারকে বরখাস্ত করল।
কংগ্রেস এর তীব্র নিন্দা করে অভিযোগ করেছে, বিজেপি ক্ষমতা ও অর্থের জোরে একের পর এক কংগ্রেস শাসিত রাজ্যে সরকার ভেঙে দেয়ার খেলায় মেতেছে। -বাসস