যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা মেক্সিকোতে দাহ করা হয়েছে। মেক্সিকোর অনেকের কাছে তিনি ঘৃণিত। শনিবার মেক্সিকো সিটিতে ইস্টার ইভের অনুষ্ঠান চলাকালে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। ইস্টার ইভে শয়তান ও তাদের অপছন্দের ব্যক্তির কুশপুত্তলিকা দাহ করা একটা ঐতিহ্য।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে সৌদি আরব থেকে তেল ক্রয় বন্ধ করে দিতে পারে।-খবর রয়টার্স ও এএফপি-র। যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প তার দেশে মেক্সিকোর অভিবাসীদের অপরাধী ও ধর্ষক বলে অভিযুক্ত করেন। ট্রাম্পের এ মন্তব্যের জন্য তিনি মেক্সিকোয় কুখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছেন। এ বছর শয়তান ট্রাম্পের শরীরে ভর করেছে বলে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। পুর লা মারসড শহরে কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠানে প্রায় ২শ’ লোক অংশ নেয়।
তবে কেবল পুর লা মারসড শহরেই নয়, আরো কয়েকটি শহরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। কাগজ দিয়ে ছয় ফুট লম্বা একটি কুশপুত্তলিকা তৈরি করা হয়। ট্রাম্পের কুশপুত্তলিকায় একটি নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরানো হয়। এরপর তাতে অগ্নিসংযোগ করা হয়।