বোদাতে আওয়ামী লীগ-বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী

আগামী বৃহস্পতিবার পঞ্চগড়ের  বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ উপজেলার ২৮ জন চেয়ারম্যান, ৬৪ জন সংরক্ষিত নারী সদস্য এবং ১৯৬ জন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোর থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন এসব প্রার্থী। চলছে উঠান বৈঠক ও পথসভা। মাইকিং প্রচারণা। নির্ঘুম প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। চায়ের স্টল থেকে শুরু করে বাড়ির বৈঠকখানা সর্বত্রই এখন নির্বাচনী আলোচনায় সরব হয়ে উঠেছে। শহর থেকে গ্রাম সর্বত্র ছেয়ে গেছে প্রার্থীদের হরেক রকম পোস্টার আর ব্যানারে।
 
দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটাররা প্রতীক নয় ব্যক্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
 
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি যোগ্য দলীয় প্রার্থী বাছাই করেনি এমন অভিযোগ তুলে ভোটাররা প্রতীক নয় ব্যক্তি দেখে ভোট দেবেন বলে জানান।
 
এ উপজেলার ২৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপির চারজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এসব বিদ্রোহী প্রার্থীদের আশাবাদ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে বিপুল ভোটে জয়যুক্ত হবেন।
 
তাদের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নেতা-কর্মী সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছেন এবং ক্ষমতার দাপটে তারা দিনরাত সমানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।কোনো কোনো প্রার্থী নির্বাচনী সহিংসতারও আশঙ্কা করছেন।