কদমতলীতে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

 
রাজধানীর কদমতলীতে একটি বাসা থেকে স্বাধীন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে ধনিয়ার পাটেরবাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত স্বাধীনের বাবার নাম সোহেল মিঞা ও মায়ের নাম নিরা বেগম। তারা পাটেরবাগের গোয়ালবাড়ি ৭৯৮/২-নম্বর বাসার নিচতলায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজেং।
 
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিন জানান, সকাল ১০টার সময় স্বাধীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সময় তার বাবা-মা দুজনেই বাড়ির বাইরে ছিলেন। প্রতিবেশীরা ধস্তাধস্তির শব্দ শুনে ভেতরে ঢুকে স্বাধীনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হয়। 
 
পুলিশ লাশের পাশে পড়ে থাকা রক্তমাখা বটি উদ্ধার করেছে বলে তিনি জানান।