ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

ব্রাহ্মণবাড়িয়ায় উপর্যপরি ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় নিহতের বন্ধুরা সড়ক বন্ধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। 
 
জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দাতিয়ারার আকরাম হোসেন সরকার শুভকে (১৭) বাসা থেকে ডেকে নিয়ে তিন যুবক তার বুকে উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা। তার আত্মচিৎকারে বাসায় থাকা নিহতের বাবা আব্দুর রহিম সরকার ও তার ছোট ভাই আকরাম হোসেন শান্ত তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংবাদে বন্ধুরা শহরের প্রধান সড়ক কালীবাড়ি মোড়ে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর চালায়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। নিহতের ছোট ভাই শান্ত জানায়, তিন যুবক বাসা থেকে ডেকে নিয়ে ভাইয়ের বুকে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত আকরাম হোসেন সরকার শুভ স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 
 
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের টিএ রোড, কালীবাড়ি মোড় অতিক্রম করার সময় ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুর রহমান জানান, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো কোন মামলা হয়নি।