খুলনায় বাঘের চামড়াসহ পাচারকারী গ্রেফতার

 
সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার পল্লী থেকে একটি বাঘের চামড়াসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর লবণচরাস্থ র‌্যাব-৬ খুলনার সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
 
এর আগে সকালে র‌্যাব সদস্যরা কয়রা উপজেলার সাতালিয়া গ্রামের আলতাফ হোসেনের বাড়ির পাশ থেকে বাঘের চামড়াসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই পাচারকারী হচ্ছে- খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ গোবরচাকা মেইন রোড এলাকার মৃত শেখ পিয়ার মোহাম্মদের ছেলে শেখ মনিরুজ্জামান (৪৫) ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ৭৩ নম্বর দড়িগাঁও এলাকার আনোয়ার আলীর ছেলে মো. রমজান আলী (৪০)।
 
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কয়রা উপজেলার সাতালিয়া গ্রামের স্থানীয় একটি চক্র সুন্দরবন থেকে শিকার করা বাঘের চামড়া ঢাকার একটি চক্রের সঙ্গে কেনাবেচা করার পরিকল্পনা করছে- এ মর্মে খবর পেয়ে যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে একটি দল সোমবার সকাল সাড়ে ৭টায় ওই গ্রামের আলতাফ হোসেনের বাড়ির পাশে উপস্থিত হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চামড়া পাচারকারীরা পালানোর চেষ্টাকালে শেখ মনিরুজ্জামান ও রমজান আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত চামড়াটির অনুমানিক দৈর্ঘ্য ৭ ফুট ১ ইঞ্চি এবং  লেজসহ দৈর্ঘ্য ৯ ফুট ১১ ইঞ্চি। প্রস্থ ২ ফুট ৪ ইঞ্চি। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
 
উদ্ধারকৃত চামড়া বন ও পরিবেশ অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।