নকশা জালিয়াতি মামলায় আতিকউল্লাহ মাসুদকে আত্মসমর্পণের নির্দেশ

ভবনের নকশা জালিয়াতির একটি মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের সাজা বাতিল করে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুদক। একইসঙ্গে জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খানকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
 
দুদকের ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার এই আদেশ দেয়।
 
দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। আর আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে ছিলেন এস এম আবদুল মবিন।
 
রাজউক কর্মকর্তাদের সহায়তায় নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের অভিযোগে গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে ২০০৭ সালে মোট পাঁচটি মামলা করে দুদক।
 
এসব মামলায় তাকে মোট ৩৫ বছরের কারাদণ্ড এবং ১৬ কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় ২০০৮ সালে তাকে ১৩ বছর কারাদণ্ড দেয়া হয়।
 
নকশা জালিয়াতির এ মামলাটি দায়ের করা হয় ওই বছর ৩০ সেপ্টেম্বর। দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ।