কাবুলে নতুন পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের নতুন পার্লামেন্ট ভবনকে লক্ষ্য করে সোমবার রকেট হামলা চালিয়েছে তালেবান। দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও এক মন্ত্রীর সেখানে বক্তব্য রাখার কথা ছিল। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
 
পার্লামেন্টের সদস্যরা জানিয়েছেন,আলোচনার যখন প্রস্তুতি চলছিল ঠিক সেসময়ে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পার্লামেন্ট ভবনকে লক্ষ্য করেই রকেট ছুঁড়ে। কিন্তু তারা মূল ভবনে আঘাত করতে পারেনি।
 
বাদাকশান প্রদেশের রাজনীতিক সফিউল্লাহ মুসলিম জানান, পরপর তিনটি রকেটের হামলা চালানো হয়। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। সেসময়ে পার্লামেন্ট অধিবেশন চলছিল।
 
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে বলেছে, এতে বহু লোক হতাহত হয়েছে। ধারণা করা হচ্ছে দূরপাল্লার রকেট আর্টিলারি কিংবা রকেট প্রপেল্‌ড গ্রেনেডের মাধ্যমে এ হামলা চালানো হয়েছিল। সূত্র: আল জাজিরা, রয়টার্স