লেখা রুবেল কান্তি নাথ আঁকা জ্যোতি
গতকাল (১৬ মার্চ) ছিল আমাদের সবার প্রিয় ফান ট্যাবলয়েড ‘ঠাট্টা’র ১২তম জন্মদিন। ‘ঠাট্টা’র প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। তাই আজকের এই লেখাটা না হয় জন্মদিন নিয়েই হোক...
—জন্মদিনে কী আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার...
—শুকনা ভালোবাসায় পেট ভরে না রে, চান্দু। জলদি চাইনিজ রেস্টুরেন্টে নিয়া চলো।
—...তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায়, অনাগত দিন কাটুক উজ্জ্বল দিন কামনায়... আজ জন্মদিন তোমার...
—আইজ যে আমার জন্মদিন, সেইটা আমি ভালা কইরাই জানি। এইবার কও গিফট কী আনছ?
—যে মানুষ রাইতে জন্মায়, সেও জন্ম-দিন পালন করে কেন? তার তো জন্ম-রাইত পালন করা উচিত।
—উচিত কথা কইলে মানুষ বেজার হয়, এইটাও আপনের মনে রাখন উচিত।
—শিশুদের জন্মদিনে বই উপহার দিন।
—একথা কইলেই লোকে মারতে আইব। সবাই শিশুগো হাতে স্মার্টফোন তুইলা দিতেই ব্যস্ত।
—হ্যাপি বার্থ ডে টু ইউ।
—বাদ দে টু ইউ, কেকে পেট ভরব না; তাই ভাত দে টু ইউ!
—‘ঠাট্টা’ মানুষ না বইলা কি তার লাইগা কুনো উপহার নাই?
—আলবত আছে, এই লেখাটাই তো ‘ঠাট্টা’র জন্য বিশেষ উপহার।