কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে চট্টগ্রামে।
দাবি আদায়ে সোমবার নগরীর প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল হয়েছে। ‘যৌন নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চ’ -এর ব্যানারে এ মিছিলে শতাধিক মানুষ নেয়। একই দাবিতে নগরীর চেরাগী মোড়ে ছাত্র ইউনিয়ন এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার ঘটনায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরব প্রতিবাদ জানাচ্ছে। কুমিল্লায় চলছে ধারাবাহিক কর্মসূচি।
মশাল মিছিল শেষে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে যৌন নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চের আহ্বায়ক ফরহাদ জামান বলেন, তনুর হত্যাকারীদের বাঁচাতে একটি মহল ব্যস্ত হয়ে পড়েছে। দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোনের মাধ্যমে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় শহীদ মিনারে তনুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের সংগঠক স্বাক্ষর শুভ, কামাল হোসেন ও শওকত আলী।