ইসলামি জঙ্গিরা ১০ ইন্দোনেশীয় নাবিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির মঙ্গলবার এ কথা জানান। অপহৃত এসব ক্রু ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপ থেকে কয়লা বোঝাই দুটি নৌকা করে ফিলিপাইন যাচ্ছিল।
এ সময়ে তাদের অপহরণ করা হয়। তবে ঠিক কখন তাদের অপহরণ করা হয় তা পরিষ্কার জানা না গেলেও নৌকার মালিকের কাছে জঙ্গিরা শনিবার মুক্তিপণ চেয়ে ফোন করেছে। আবু সায়াফ জঙ্গি গ্রুপ থেকে কেউ একজন এ মুক্তিপণ চেয়েছে বলে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, আবু সায়াফ ফিলিপাইন ভিত্তিক জঙ্গি গ্রুপ। এটি বোমা হামলা ও অপহরণের মতো ন্যক্কারজনক কাজগুলো করে আসছে।
নাসির সাংবাদিকদের আরো জানান, গত ২৬ মার্চ থেকে অপহরণকারীরা নৌকার মালিকের কাছে মুক্তিপণ চেয়ে দুই দফা ফোন করেছে। তবে জঙ্গিরা কি পরিমাণ মুক্তিপণ চেয়েছে তা তিনি জানাননি। এছাড়া অপহৃতদের কোথায় রাখা হয়েছে তাও স্পষ্ট নয়। এএফপি।