‘লজ্জায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের টাকা ফেরত দেয়া উচিত’

 
বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত কৌসুলি ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি বলেছেন, আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ লজ্জায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের এমনিতেই ফেরত দেয়া উচিত। মঙ্গলবার সুপিমেকোর্টের নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
 
আজমালুল হোসেন কিউসি বলেছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি রেপুটেশন রয়েছে। অর্থচুরির ঘটনায় তাদের রেপুটেশন ঝুঁকির মধ্যে আছে। কারণ বিশ্বের ২৫০টি কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত আছে। এখন এসব কেন্দ্রীয় ব্যাংক যদি তাদের অর্থ অন্য কোনো দেশে নিয়ে রাখে তাহলে ক্ষতিটা ফেডারেল রিজার্ভ ব্যাংকেরই।
 
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থ ছাড় করেনি। তারা চোরের নির্দেশনা অনুযায়ী অর্থ ছাড় করেছে। যেহেতু আমার (বাংলাদেশ ব্যাংক) টাকা চুরি হয়েছে এক্ষেত্রে আমি (বাংলাদেশ ব্যাংক) একজন ভিকটিম। তাই আমি মনে করি, ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা তো করাই যায়।
 
ব্যারিস্টার আজমালুল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের কনফারমেশন ম্যাসেজ পাওয়ার আগেই ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থ ছাড় করে। এই অর্থ ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংক কোনো ইনস্ট্রাকশনও দেয়নি। ইনস্ট্রাশন না দেয়ার পরও টাকা ছাড় দেয়া হলো, এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সঙ্গে যে চুক্তি ও তাদের ব্যাংকিং সিস্টেমে কোনো ঘাটতি রয়েছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।