বিজ্ঞাপন আয়ে ধোনিকে ছাড়িয়ে বিরাট

কোনো প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে ধোনির প্রত্যেক দিনের আয় প্রায় দেড় কোটি রুপি। বর্তমান ভারতীয় ক্রিকেট দলে খেলা ক্রিকেটারদের মধ্যে এটাই সবচেয়ে বেশি অঙ্কের ‘বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়’। তবে, ধোনিকে এখন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। দিন প্রতি পণ্যের বিজ্ঞাপনের আয়ে ধোনিকে ছাড়িয়ে গেছেন এই তারকা ক্রিকেটার।
 
নতুন কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে দিন প্রতি দু’কোটি রুপি আয় করবেন বিরাট। বিরাট ছাড়া দু’কোটি আয়ের দলে রয়েছেন শুধু শচিন টেন্ডুলকার।
 
এই মুহূর্তে ১৫টি পণ্যের সঙ্গে বিরাটের চুক্তি আছে। চলতি বছরে আরও সাত থেকে আটটি নতুন বিজ্ঞাপন এই তালিকায় যোগ হচ্ছে। এতে বিরাটের আয় আরও বাড়বে।
 
বিরাটের সাম্প্রতির ব্যাটিং ফর্ম, মাচো ইমেজ বিজ্ঞাপনের বাজারে তাকে তরতরিয়ে এগিয়ে নিয়ে চলেছে বলে জানিয়েছে বিভিন্ন বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান। তার উপরে প্রেমিকা আনুশকা শর্মাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা নিয়ে যেভাবে বিরাট প্রতিবাদে গর্জে উঠেছেন তাতে অল্পবয়সি ছেলে-মেয়েদের মধ্যে জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। বিরাটের এই মেজাজ বর্তমান যুব সমাজের সঙ্গে একদম খাপ খেয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংস্থা তাদের পণ্যের বিজ্ঞাপনে তাকে চাইছেন।
 
বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, ধোনির অধিকাংশ বিজ্ঞাপনের চুক্তি এক বছরের জন্য। সেখানে বিরাটের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে কর্পোরেট সংস্থাগুলি। সূত্র- এবেলা।