জামালগঞ্জে নৌকাডুবি, প্রাণ গেল ২ শ্রমিকের

জেলার জামালগঞ্জের সুরমা নদীতে পাথরবোঝাই একটি নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোটঘাগটিয়া এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- মো. আসাদ আলী (৩০) ও মো. মনির হোসেন (২০)। আসাদ আলী উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের মো. জালাল আহমেদের ছেলে এবং মো. মনির হোসেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে একটি পাথরবোঝাই করে একটি স্টিলবডি নৌকা ভৈরব যাচ্ছিল। পথে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের শ্রমিকরা সুরমা নদীতে নৌকাটি নোঙর করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে আশপাশের লোকজন দেখে নোঙর করা নৌকাটি নদীতে তলিয়ে গেছে।
 
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের নিয়ে চেষ্টা করে নিখোঁজ শ্রমিক ও ডুবন্ত নৌকাটি উদ্ধার অভিযানে নামে। বিকেল ৩টার দিকে স্থানীয় ডুবুরিদের প্রচেষ্ঠায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করে।
 
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, জেলা প্রশাসকের অনুমতিক্রমে  নিখোঁজ দুই শ্রমিকের লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।