স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উ. কোরিয়া

এবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনা-সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব ও প্রতিবেশীদের সঙ্গে টানাপড়েনের মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া।
 
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার উপকূলবর্তী শহর ওনসান থেকে গ্রিনিচ মান সময় ৮:৪০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে উড়ে গিয়ে মাটিতে আঘাত করে।
 
হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনার জন্য বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্র: রয়টার্স