কেসিসির বরখাস্তকৃত মেয়রের পর ২ কাউন্সিলরের আত্মসমর্পণ

সাময়িক বরখাস্তকৃত মেয়র মনিরুজ্জামান মনির পর এবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) দুই কাউসিলর আদালতে আত্মসমর্পণ করেছেন।
 
নাশকতার মামলায় মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ অনুপ কুমার গোস্বামীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- কেসিসির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেএম হুমায়ুন কবির ও ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু।
 
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায় , ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পুলিশ খুলনা সদর থানায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা করে। ২০১৫ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২২ নভেম্বর আদালতে চার্জশিট গৃহীত হওয়ার পর পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ১৬ মার্চ পলাতক থাকায় বরখাস্তকৃত মেয়র মনিরুজ্জামান মনি ও দুজন কাউন্সিলরসহ ৬ জনের অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিম এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ। গত  ২৩ মার্চ বরখাস্তকৃত মেয়র মনিরুজ্জামান মনি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন কাউন্সিলর কেএম হুমায়ুন কবির ও কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু।