আগামী ৩১ মার্চ দ্বিতীয় পর্যায়ের ৬৪৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সমর্থকদের মঙ্গলবার রাত ১২টায় সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে।
নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। সেই মোতাবেক ৩২ ঘণ্টা সময় গণনা শুরু হবে মঙ্গলবার রাত ১২টা থেকে। তাই এই সময় থেকেই প্রার্থীরা কোন ধরনের প্রচারণা চালাতে পারবেন না।
এই নির্বাচনে ১৭টি দল চেয়ারম্যান পদে ১ হাজার ৫০৭ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে ৯৪ লাখ ৭৮ হাজার ৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে জেলায় জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, 'সংশ্লিষ্টরা অপরাধ না ঠেকিয়ে ভোটকেন্দ্রে আঙুল চুষলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।