নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়নাথকে স্কুল কক্ষে সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ওই বিদ্যালয়ের এক পিয়ন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক নেতা ও রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তিনি মুক্ত হন। অবরুদ্ধকালে প্রধান শিক্ষককে মারপিট করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক পিয়ন অনিল চন্দ্র অবসরে যাওয়ার পর তার ছেলে স্বপন কুমার ওই শুন্য পদের জন্য আবেদন করে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ প্রদান করে।ইতোমধ্যে তার বিল বেতনও ব্যাংকে জমা হয়। কিন্তু প্রধান শিক্ষক বিল বেতনের কাগজে স্বাক্ষর না করায় তাকে অবরুদ্ধ করে রাখে।
প্রধান শিক্ষক প্রিয়নাথ রায় সাংবাদিকদের বলেন, পিয়ন স্বপন কুমার তথ্য গোপন করে অবৈধভাবে নিয়োগ নিয়েছে। তার মূল সনদপত্র, ভোটার আইডি কার্ড ও ব্যাংক এ্যাকাউন্ট জাল। সে বিদ্যালয়ে লেখাপড়া করেছে ধনঞ্জয় নামে। চাকরিতে তার নাম রয়েছে স্বপন কুমার। এই ভুয়া কাগজপত্রে আমি স্বাক্ষর না করায় সে ও তার লোকজন আমাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় আমাকে টানা হেচড়াসহ মারপিট করে।
পিয়ন স্বপন কুমার বলেন, প্রধান শিক্ষক আমার বেতন বিলে স্বাক্ষর না করায় আমি প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছি। তাকে কোন প্রকার অসম্মান করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তরিকুল ইসলাম বলেন, আমি এবং কয়েকজন শিক্ষক নেতার হস্তক্ষেপে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পরে সমাধান করা হবে।