বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নাম বদলে যেতে পারে। সেই নাম রাখা হতে পারে দলটির সদ্যপ্রয়াত ডাচ কিংবদন্তী ইয়োহান ক্রুইফের নামে। এমনটাই দাবি কাতালান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্পোর্টের। তারা জানায়, বার্সা সমর্থকরাই নাকি তাদের দলের এই সাবেক কিংবদন্তীর স্মরণে স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।
আর বিষয়টি চূড়ান্ত করতে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করবেন ক্লাবের নীতি নির্ধারকরা। বিষয়বস্তুতে থাকবে ক্রুইফকে মরণোত্তর সংবর্ধনা দেয়া ব্যাপারটিও।
ইতোমধ্যে ক্রুইফের নামে স্টেডিয়াম করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তার নিজ দেশের ফুটবল সংস্থা ‘কেএনভিবি।সংস্থাটির সভাপতি জানান, আমস্টারডাম অ্যারিনার নাম করা হবে ক্রুইফ অ্যারিনা। আর এই কিংবদন্তিকে স্মরণ রাখার জন্য এর থেকে বড় কিছু হতে পারে না।
গত সপ্তাহে দীর্ঘ দিনের ক্যান্সারের কাছে হার মেনে ৬৮ বছর বয়সে মারা যান এ ডাচ কিংবদন্তি। খেলোয়াড়ি জীবনে ক্রইফ বার্সার হয়ে দুটি শিরোপা জয় করেন। এছাড়া কোচ হিসেবে ১১টি শিরোপা জেতেন ক্রুইফ।