খুলনায় অস্ত্র মামলায় চরমপন্থি দলের সদস্য ইকবাল সরদারকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ দায়রা জজ (জেলা জজ) এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
আদালত ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ ধারায় আসামি ইকবাল সরদারকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। উভয় ধারার দণ্ড একই সঙ্গে চলবে। আসামি ইকবাল সরদার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের মো. ফজলু সরদারে ছেলে। আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পাটির সদস্য ও পার্টি প্রধান শৈলেন বিশ্বাসের প্রধান সহযোগী চরমপন্থি ইকবাল সরদারকে ডুমুরিয়া থানা পুলিশ গ্রেফতার করে। ইকবালের স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই খান আলী আকবর বাদী হয়ে ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ২৯ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. বাবর আলী আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এড. আরিফ মাহমুদ লিটন।