কুষ্টিয়ার মিরপুরে ৩টি ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২টি ওয়ার্ডে শুধুমাত্র সাধারণ সদস্য ও অপরটিতে সাধারণ এবং সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে গত ২২ মার্চ এ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বারুইপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে ২৬৩৭ জন ভোটারের মনজয় করতে ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদের মধ্যে আবু বক্কর সিদ্দিক (ফুটবল) প্রতীক ও মোফাকখার ইসলাম জিন্না খান (মোরগ) প্রতীকে সমান সংখ্যক ভোট পান। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা ৮৪২।
অন্যদিকে ছাতিয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পদে ২০২৪ জন ভোটারের মনজয় করতে ৫ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে মজনু বিশ্বাস (তালা) প্রতীক ও মোহাম্মদ আলী (মোরগ) প্রতীকে সমান সংখ্যক ভোট পান। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা ৪৬৬। এছাড়াও পোড়দহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড তেঘরিয়া আইডিয়াল স্কুল কেন্দ্রে ব্যাপক গোলযোগের কারনে চেয়ারম্যান ব্যতিত সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ফলাফল গণনাপূর্বক পোলিং এজেন্টকে দিতে না পারায় উক্ত পদে নির্বাচন বাতিল করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, উক্ত ৩টি ওয়ার্ডের ২টিতে সাধারণ সদস্য ও ১টিতে সাধারণ এবং সংরক্ষিত পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন বিধিমালা অনুসারে বারুইপাড়া ইউনিয়নের ৩নং ও ছাতিয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সমসংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীদ্বয়রাই শুধু প্রতিদ্ব›দ্বীতা করতে পারবেন।
এ ভোট গ্রহণের জন্য পৃথক কোন তফসিল ঘোষণা করা হবে না। তবে নির্বাচন কমিশন এ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করবেন।