আওয়ামী লীগ নেতার বাড়িতে চেয়ারম্যান প্রার্থীর হামলার চেষ্টা

 
পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতির বাড়িতে নিজ দলীয় চেয়ারম্যান প্রার্থী হামলা চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সরকার দলীয় চারজন প্রার্থী নৌকা প্রতীকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের মধ্যে জয়নুল আবেদীন তার পক্ষে কাজ করার জন্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কার্তিক সাহা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশু মোল্লাকে চাপ দিয়ে আসছিল। দলীয় প্রতীকে নির্বাচন হবে মর্মে তারা আগেই জয়নুলের পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানান। এত জয়নুল আবেদীন ক্ষিপ্ত হয়ে সকালে অর্ধশতাধিক সমর্থক লাঠি নিয়ে কার্তিক সাহার বাড়িতে হামলা চালাতে আসে। বিষয়টি এলাকাবাসী জানতে হামলাকারীদের প্রতিরোধ করেন। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে জয়নুল আবেদীন সমর্থকদের নিয়ে পিছু হটে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, যারা এলাকার আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।