বিএনপি-জামায়াত এখনো অখণ্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টায়: নৌমন্ত্রী

 
 
পাকিস্তান এখনও বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করছে। তাই তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের দেশে জঙ্গিদের মদদ দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাত্ করার জন্য তারা চেষ্টা করছে। স্থানীয়ভাবে বিএনপি, জামায়াত, নেজামে ইসলামসহ যারা স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা এখনো অখণ্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে।’
 
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় দুই মন্ত্রীর সাজার বিষয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের পদত্যাগের কোনো বিধান নেই। পদত্যাগ তখনই করবে যখন নৈতিক স্খলনজনিত কারণে যদি তাদের সাজা হতো।
 

জেলা মটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। এর আগে মন্ত্রী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।