ব্যাট হাতে একপ্রান্তে দাপট দেখাচ্ছেন মুমিনুল হক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে অন্যপ্রান্তে জুতসই সঙ্গী পাচ্ছেন না। দ্বিতীয় সেশনে তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ মিঠুন। জুটিতে ৪৮ রান যোগ হওয়ার পর সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে মিঠুন করেন ২০ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৬ রান।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রায় এক বছর পর টেস্টে ফিরেন সৌম্য। ইমরুলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে পাঠানো হয় তাকে। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচের প্রথম ওভারেই ডাক মেরে বিদায় নেন তিনি।
এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে ভালোই খেলছিলেন মুমিনুল। তবে ইমরুল খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাকে। দলীয় শত রান পূর্ণ হওয়ার পরপরই আউট হয়ে যান ইমরুল। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৪৪ রান। দলীয় ১০৫ রানে দ্বিতীয় উইকেটের পতনের পরই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়।
বিরতি ভেঙে তৃতীয় উইকেট জুটিতে মুমিনুলের সঙ্গী হন মিঠুন। এর মধ্যে মুমিনুল সেঞ্চুরি পূর্ণ করলেও মিঠু তাকে রেখেই সাজঘরে ফিরেন।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে অফ স্পিনার নাঈম হাসানের। দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে চোটের কারণে দলে ছিলেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
ইত্তেফাক/কেআই