সাংবাদিকদের কর মালিকদের দিতে আপিলে রায়

 
সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিকদের বেতনের উপর আরোপিত কর মালিকদের দিতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়ার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ চতুর্থ ওয়েজবোর্ডের এ সংক্রান্ত ধারা বহাল রেখে এ রায় দেয়।
 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর। তিনি সাংবাদিকদের বলেন, চতুর্থ ওয়েজবোর্ডে বলা হয়েছে, সকল ক্যাটাগরির সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল কমরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকগণের বেতনের উপর আরোপিত আয়কর সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় হবে।
 
চতুর্থ ওয়েজবোর্ডের এ ধারা চ্যালেঞ্জ করে ১৯৯১ সালে দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, দৈনিক খবর, আজাদ পাবলিকেশন্স ও দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে একই বছর হাইকোর্ট সাংবাদিকদের প্রদেয় কর মালিক কর্তৃক দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।
 
১৯৯৭ সালে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ চতুর্থ ওয়েজবোর্ডে সাংবাদিকদের বেতনের উপর আরোপিত কর মালিকদের দিতে হবে- চতুর্থ ওয়েজ বোর্ডের এই ধারা বাতিল ঘোষণা করে। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।
 
আজ আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে ‘সাংবাদিকদের বেতনের উপর আরোপিত কর মালিকদের দিতে হবে’-এ ধারা বহাল রাখে।

খবর বাসসের।