নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ বন্দরের ওমর ফারুক (৩৫)। তার পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ ওমর ফারুকের স্ত্রী সানজিদা জামান নিহা জানান, তার স্বামীর সঙ্গে সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫১ মিনিটে কথা হয়। এরপর তার সঙ্গে আর কথা হয়নি।
ওমর ফারুকের পরিবার জানায়, নিউজিল্যান্ডের কনসাল্টেন্ট শফিকুর রহমানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন তারা। ওমর ফারুকের পাসপোর্ট নাম্বার বি সি-০১৪৪৪১০।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে পরিবারের পক্ষ থেকে নিউজিল্যান্ডে ফোন করে ওমর ফারুকের রুমমেটের কাছে জানতে চাওয়া হলে তিনি এখন পর্যন্ত তার সন্ধান দিতে পারেননি।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন ডাকসু ভিপি নুর
এদিকে ওমর ফারুকের সন্ধান পাওয়ার আশায় পরিবারের লোকজন টিভি সেটের পাশে খবরের আপডেট দেখে সময় কাটাচ্ছেন। পরিবারের দাবি বাংলাদেশ সরকার যেন দ্রুত ওমর ফারুকের সন্ধান করে তাদেরসহ দেশবাসীকে জানায়।
জানা যায়, বন্দরের রাজবাড়ি এলাকার মৃত আ. রহমানের ছেলে ওমর ফারুকের সঙ্গে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর বিয়ে হয় সানজিদা জামান নিহার। বিয়ের কিছুদিন পর নিউজিল্যান্ড চলে যান ওমর ফারুক। পরে গত ১৬ নভেম্বর ছুটিতে দেশে আসেন। পরবর্তীতে তিনি ১৮ জানুয়ারি পুনরায় নিউজিল্যান্ড চলে যান। নিউজিল্যান্ডে একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করেন।
নিখোঁজ ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন জানান, হামলার কথা তার মাকে জানানো হয়নি। বাড়ির লোকজন সকলে উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ