বাংলাদেশে মাইক্রোসফটের লুমিয়া ৬৫০

মাইক্রোসফট করপোরেশন থেকে বাংলাদেশের বাজারে লুমিয়া ৬৫০ মোবাইল ফোন সেটের খুচরা বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। রবিবার থেকে বিক্রি শুরু করে তারা।
 
উইন্ডোজের গ্রাহকদের জন্যই মূলত এই হ্যান্ডসেটটি নিয়ে আসা হয়। এটি একটি উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট, যেটির নির্মাণ শৈলী খুবই চমৎকার এবং আধুনিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষম। অর্থাৎ এতে নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের গ্রাহকদের জন্য খুচরা পর্যায়ে লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।
 
মাইক্রোসফট মোবাইল ডিভাইস সেলস-ইমার্জিং এশিয়া এর জেনারেল ম্যানেজার সন্দিপ গুপ্তা এ প্রসঙ্গে বলেন, ‘আমরা গ্রাহকদের সামনে উৎকৃষ্ট পণ্য উপস্থাপনের ধারাবাহিকতায় জনপ্রিয় উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের এই মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছি। এতে গ্রাহকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটি হলো মাইক্রোসফটের সেরা পণ্যগুলোর একটি। এর ডিজাইন বা নকশা অত্যন্ত নান্দনিক। এটি দামেও বেশ সাশ্রয়ী।’
 
লুমিয়া ৬৫০ ডিভাইসটি খুবই সফিসটিকেটেড বা অত্যাধুনিক ডিজাইনে (নকশা) তৈরি। এটির ফ্রেম বা কাঠামো অ্যালুমিনিয়ামের এবং ডায়মন্ড কাটে তৈরি। ডিভাইসটি দেখতে চকচকে ও নান্দনিক এই হ্যান্ডসেট অত্যন্ত পাতলা। এটি লুমিয়ার সবচেয়ে হালকা হ্যান্ডসেট, যেটির পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মি. মি.।