একজন বৃদ্ধ মানুষকে লাথি দেয়ার কথা স্বীকার করে সেটিকে সামান্য ব্যাপার বললেন বিজেপির এমপি ভিত্তাল রাদাদিয়া। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ভিত্তাল রাদাদিয়া এক অনুষ্ঠানে একজন বৃদ্ধ মানুষকে লাথি দিচ্ছেন। এর আগে তিনি লাথি দেয়ার কথা অস্বীকার করেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে গুজরাটের রাজকোটে এক অনুষ্ঠানে বসে থাকা একজন মানুষের কাছে গিয়ে তাকে লাথি দিচ্ছেন ভিত্তাল। এরপর ভিত্তাল তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি তাকে লাথি দিয়েছিলেন কারণ সে অদ্ভুত আচরণ করছিলেন। গানের সাথে সাথে সে অনবরত মাথা ও শরীর ঝাঁকাচ্ছিলেন। সে কুসংস্কার ছড়াচ্ছিল। নারীসহ অন্যরা এতে অস্বস্তি বোধ করছিল।
তার আরো দাবি, তাকে লাথি দিয়ে তাড়িয়ে দেয়ায় আশেপাশের মানুষ স্বস্তি বোধ করেছে। এমপি ভিত্তাল বলেন এটি একটি সামান্য ঘটনা।
মার খাওয়া লোকটি কোনো অভিযোগ করেননি তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ভিত্তাল এ ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন। গত বছর এক দোকানীকে ভিত্তালের মারধরের ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে গুজরাটের হাইকোর্ট। সূত্র: এনডিটিভি