বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে এবং আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির এ হার বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে ইকোনমিক আউট লুকে এ পূর্বাভাস দেয় এশিয়ার এ ব্যাংকটি।
আউটলুকে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক দিক তুলে ধরে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু পলিসি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে, নির্দিষ্ট সময়ে ভ্যাট আইনের প্রয়োগ, জমি রেকর্ড এবং ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল করা, রফতানি দূর করা, তেল ও বিদ্যুতের সঠিক ব্যবহার, এডিপি বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সংস্কার করা। খাত ভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরে কৃষিখাতে প্রবৃদ্ধি সামান্য কমবে। অর্থাৎ এ খাতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ২ শতাংশ, যা ২০১৫ অর্থবছরে ছিল ৩ দশমিক ৩ শতাংশ।
শিল্পখাতে সামান্য প্রবৃদ্ধি বাড়বে। এখাতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশ, যা অর্থবছর ২০১৫ তে ছিল ৯ দশমিক ৭ শতাংশ। এ ক্ষেত্রে তৈরি পোশাক খাত ম্যানুফ্যাকচারি, অভ্যন্তরীণ বাজার এবং নির্মাণশিল্প বেশ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, এডিবির প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট মোহাম্মদ পারভেজ এমদাদ প্রমুখ।