ডি.লিট ডিগ্রি পাচ্ছেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

দেশের প্রখ্যাত দুই কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডি.লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
 
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
 
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। হাসান আজিজুল হক ১৯৯৯ সালে একুশে পদক লাভ করেন। এদিকে সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৭ সালে বিএ এবং ১৯৬৮ সালে এম এ পাস করেন। তার সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছেন।
 
রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আগামী সমাবর্তনে কথাসাহিত্যিকদের হাতে ডিগ্রি তুলে দেয়া হবে। হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুইজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলা সাহিত্যে এই দুইজনের অবদান শুধু দেশেই নয়; সারা বিশ্বেই স্বীকৃত। দেশ-বিদেশ থেকে তারা নানা পুরস্কার ও পদকে ভূষিত হচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতি ও তাদের সফলতার উদ্যাপনের অংশ হিসেবে ডি.লিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।