বিমান ছিনতাইকারী সাইপ্রাসে রিমান্ডে, ফেরত চায় মিশর

ভুয়া আত্মঘাতী বেল্ট দিয়ে ভয় দেখিয়ে মিশরীয় বিমান ছিনতাইকারী সাইফ এলদিন মুস্তফাকে মানসিক অবস্থা অস্থিতিশীল আখ্যা দিয়ে রিমান্ডে নিয়েছে সাইপ্রাস। কিন্তু নিজ দেশে হস্তান্তরের জন্য সাইপ্রাসকে অনুরোধ জানিয়েছে মিশর।
 
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় আলেকজান্দ্রিয়া থেকে রওনা হয়ে কায়রো যাওয়ার পথে ছিনতাই হয় বিমান। এমএস ১৮১ ফ্লাইটটিকে সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করেন ছিনতাইকারী।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মিশরের কৌঁসুলিরা বলছেন ১৯৯৬ সালের দ্বিপক্ষীয় হস্তান্তর চুক্তি অনুযায়ী মুস্তফাকে মিশরে হস্তান্তর করা উচিত।
 
বিমান ছিনতাই, অপহরণ ও ভীতি প্রদর্শনসহ বিস্ফোরক বহন সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে বুধবার সাইপ্রাসের লারকানা আদালত মুস্তফাকে ৮ দিনের রিমান্ডে রাখার আদেশ দিয়েছে।
 
মুস্তফা তার আদালতে হাজির হওয়ার ব্যাপারে কিছু না বললেও পুলিশের গাড়িতে করে চলে যাওয়ার সময় বিজয়সূচক 'ভি' চিহ্ন দেখিয়েছেন। গণমাধ্যমের খবরে এ কথাও বলা হয়েছিল, ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন, যিনি সাইপ্রাসে থাকেন। ছয়ঘন্টারও বেশি সময়ের অচলাবস্থার পর মুস্তফা বিমান থেকে হাত তুলে বের হয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে বিমান ছিনতাই নাটকের অবসান ঘটে।