ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়ার শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় নিজেকে নিরপেক্ষ নন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বৈষম্যহীনতার পক্ষে বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-ছাত্র কেন্দ্র মিলনায়তনে 'গড়াই' ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'একাত্তর, নব্বই ও ২০০৮ সালের নির্বাচনে জঙ্গি বিদায়ের পরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ চতুর্থ ধাপের দিকে এগিয়ে চলেছে।'
'রাজাকার, জঙ্গি আর জঙ্গিপাহারাদাররা এই উত্তরণের সবচেয়ে বড় বাধা' উল্লেখ করে ইনু বলেন, 'পিছু হটলেও সম্পূর্ণ দমন না হওয়া পর্যন্ত এদের হাত থেকে দেশ নিরাপদ নয়।' দেশপ্রেম ও ন্যায়নীতির আদর্শে জীবন গড়ার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে মন্ত্রী বলেন, 'দেশপ্রেম ঈমানের অঙ্গ এবং নারীকে পুরুষের পেছনে নয়, পাশে চলতে হবে।'
নেতার লাঠিয়াল নয়, শিক্ষার্থীদের হতে হবে সমাজকর্মে নিয়োজিত মাদক নির্মূলের সৈনিক, বলেন হাসানুল হক ইনু। গড়াই সমিতির সভাপতি জলিলুজ্জামান সজীবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ জাসদের সভাপতি সামছুল আলম সুমন এবং সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।