খালিয়াজুরীতে ওসি প্রত্যাহারের দাবিতে অবরোধ বৃদ্ধি

খালিয়াজুরীতে ইউপি নির্বাচনী সহিংসতায় যুব লীগ কর্মী কাউসার নিহত হওয়ার প্রতিবাদে অবরোধ চলছে। অবরোধ কর্মসূচী গতকাল বুধবার থেকে আরও তিন দিন বাড়ানো হয়েছে। অবরোধকারীরা ৭ দফা দাবী জানিয়েছে। যার মধ্যে রয়েছে খালিয়াজুরী থানার ওসি রমিজুল হককে প্রত্যাহার, পুলিশ কর্তৃক দায়েরকৃত কাউছার হত্যা মামলা প্রত্যাহার ও আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পূন: ভোট গ্রহণ।
জানা গেছে, গত ২২ মার্চ জেলার খালিয়াজুরী উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার সদর ইউনিয়নের আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার ঘটনায় পুলিশ জনতা সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই যুব লীগ নেতা কাউসার মিয়া গুলি বিদ্ধ হয়ে নিহত হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে খালিয়াজুরী থানায় মামলা করে। এ ঘটনার পর থেকে খালিয়াজুরী উপজেলা সদরে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অবরোধের ডাক দিয়েছে। এতে করে খালিয়াজুরীর সাথে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার বলেন, দাবি পূরণ না হওয়ার কারনে আবারো ৩ দিনের অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে তা আরো বাড়ানো হবে।