কুমিল্লায় ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষ, গোলাগুলি

 
 
কুমিল্লার বরুড়া খোশবাস (উত্তর) ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটের শুরুতেই সংঘাতে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা। নৌকা সমর্থকদের হামলায় ধানের শীষের প্রার্থীর ‘মাথা কেটে যাওয়ার পর’ কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে প্রিজাইডিং অফিসার শোয়েব আহমেদ আমীর হোসেন জানান। তিনি বলেন, ‘কেন্দ্রের বাইরে গণ্ডগোলের কারণে কিছু সময় ভোট বিঘ্নিত হলেও পরে আবার শুরু হয়েছে।’
 
এ ইউনিয়নে বিএনপির প্রার্থী জাকির হোসেনের অভিযোগ, নৌকার পক্ষের লোকজন ‘ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করছে’ খবর পেয়ে তিনি সকালে আরিফপুর কেন্দ্রে যান। সেখানে তিনি জালিয়াতির প্রতিবাদ করলে আওয়ামী লীগের প্রার্থী মো. নাজমুল হাসানের সমর্থকরা তার ওপর চড়াও হয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনার পর কেন্দ্রের বাইরে রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলিও হয় বলে স্থানীয় কয়েকজন জানান।

খবর বিডিনিউজের।