নোয়াখালীতে ছিনতাইকারীদের গুলিতে যুবক নিহত

 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্দেহভাজন ছিনতাইকারীদের গুলিতে মো. ফারুক (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
তিনি শরীফপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। ফারুক পেশায় মোটরসাইকেলের মেকানিক ছিলেন বলে জানা গেছে।
 
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওয়ার্কশপ বন্ধ করে ছোট ভাই মিলনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে তিন-চারজন সন্দেহভাজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেল থামায়। তাদের সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ছিনতাইকারীরা ফারুককে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
 
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।